ভারতীয় সীমান্তবর্তী এলাকা কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলার বড় চ্যালেঞ্জ হলো মাদক নির্মূল করা। দুটি উপজেলা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ব্যবসায়ীদের ট্রানজিট পয়েন্টে রূপ নিয়েছে। তাছাড়া সীমান্তের বিভিন্ন সড়কে মোটরসাইকেল আরোহী মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। দুই উপজেলার বিভিন্ন ফাঁড়ি সড়কের মাধ্যমে মাদক দেশের বিভিন্ন স্থানে চালান হয়। মাদক ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি রেখে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী ও মাদক বহনকারী শ্রমিকদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত জুলাই মাসে ২৫ টি মাদক মামলায় ৩৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করেছে এবং ৩৪১ কেজি গাঁজা ও ৪ হাজার ৭৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। বুড়িচং থানা সূত্রে জানা যায়, গত জুলাই মাসে বুড়িচং থানা পুলিশ বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১টি মাদক মামলায় ২১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে এবং তাদের নিকট থেকে ১০৬ কেজি গাঁজা ও ৩ হাজার ৪৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অপর দিকে ব্রাহ্মণপাড়া থানা সুত্রে জানা যায়,গত জুলাই মাসে ব্রাহ্মপাড়া থানা পুলিশ বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪টি মাদক মামলায় ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে গ্রেরণ করেছে এবং তাদের নিকট থেকে ২৩৫ কেজি গাঁজা ও ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক বলেন, মাদক নির্মূলের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এরই আলোকে মাদক ব্যবসায়ী ও মাদকের গড ফাদার এবং চাঁদাবাজদের বিরোদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদকের ব্যাপারে কোন আপোষ নেই। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে ব্রাহ্মণপাড়া থানা জিরো টলারেন্স নীতি কাজ করতে বদ্ধপরিকর।