কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিগণ।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ নিয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বক্তারা জানান, প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই সারা দেশে সুষ্ঠু ও সঠিক উপায়ে তথ্য সংগ্রহের এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উক্ত প্রেস কনফারেন্সে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য সংগ্রহ প্রক্রিয়া যেন স্বচ্ছ ও সঠিক হয়, সে বিষয়ে সাংবাদিকদের সহায়তা কামনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।