কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি নষ্ট করে অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করার অপরাধে মো. গোলাম মোস্তফা (৩৫) নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এছাড়া ওই ড্রেজার মেশিনটি ও মাটি সরবরাহের পাইপ বিনষ্ট এবং অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। অভিযানে থানা পুলিশ ও স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. গোলাম মোস্তফা শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের বাসিন্দা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ক ধারা লঙ্ঘন করে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কর্তন করে কৃষি জমি বিনষ্ট করা হচ্ছিল। তাই আইনের ১৫(১) ধারায় একজনকে আটক করা হয় এবং তাদেরকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) ও পাইপ অপসারণ করা হয়। কৃষি জমি রক্ষায় এ অভিযান অব্যাহত আছে।