ব্রাহ্মণপাড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার 

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ২ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ( ৮ ) ধর্ষণচেষ্টার অভিযোগে আল-আমিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ( ৫ জুন ) রাতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এ ঘটনায় ৪ জুন ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছিলেন। এই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আল-আমিন উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকার জয়নাল মাস্টার বাড়ির মোহর আলীর ছেলে।

ধর্ষণচেষ্টার শিকার ওই শিশুটির বাড়ি উপজেলার দুলালপুর ইউনিয়নে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছে।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ জুন সকালে ভুক্তভোগী শিশুটি দোকান থেকে সদাই কিনতে বিদ্যালয়ের পাশের একটি দোকানে গেলে অভিযুক্ত যুবক আল-আমিন তাকে ফুসলিয়ে দোকানের কাছাকাছি একটি জঙ্গলে নিয়ে গিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটি চিৎকার চেঁচামেচি করায় স্থানীয় লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত আল-আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেন স্থানীয় লোকজন।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া