ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার, মাদক সেবনে একজনের এক মাসের কারাদণ্ড

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার তিন পলাতক আসামি, পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন মাদকসেবীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত থেকে শুক্রবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ. মজিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামি মো. আলী আক্কাছ (৪৮) ও মো. নুরুল আলমকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী (উত্তরপাড়া) এলাকায়।
অন্যদিকে, থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আরেক পলাতক আসামি মো. জাকির হোসেনকে (৪৫) উপজেলার মনোহরপুর (পশ্চিমপাড়া) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. হৃদয় আহাম্মদকে (২১) আশাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আরেক অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ সেলিমকে কান্দুঘর সরকারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে মনির (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া সব আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

  • ব্রাহ্মণপাড়া