কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, একটি চুরি মামলার পলাতক আসামি এবং মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত তিনজনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) ভোর ৪টা ৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার ১নং মাধবপুর ইউপিস্থ মাধবপুর স্কুলের পশ্চিম পাশে বডু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবাসহ মো. রফিকুল ইসলাম (৪৪)কে গ্রেফতার করে পুলিশ।
একই দিনে এসআই মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে আরেকটি অভিযানে চুরি মামলার পলাতক আসামি মো. ইনজামুল হক ওরফে ইনজামুল হাসান (২১)-কে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা।
এদিকে, এএসআই মো. মুছার পরিচালিত অভিযানে মাদক সেবনের অপরাধে মো. জুয়েল মিয়া (২৯)-কে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
এছাড়া এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. সিরাজুল ইসলাম (৫৫) ও মাইন উদ্দিন (৩৩)-কে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত সিরাজুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মাইন উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।