কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি খাল দখল করে অবৈধভাবে রেস্টুরেন্ট নির্মাণের সময় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এ সময় থানা-পুলিশের একটি দল ও আনসার সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, বড়ধুশিয়া দক্ষিণ বাজারে সরকারি খালের ওপর দখল করে আবুল বাশার নামের এক ব্যক্তি অবৈধভাবে দোকানঘর (রেস্টুরেন্ট) নির্মাণ করছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুই দিনের মধ্যে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।