ব্রাহ্মণপাড়ায় কৃষিজমির মাটি উত্তোলনের অভিযোগে ৮টি ড্রেজার মেশিন ও পাইপসহ সরঞ্জাম ধ্বংস

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৮টি খননযন্ত্র (ড্রেজার মেশিন), ১২শ ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন ও মালাপাড়া ইউনিয়নের পূর্ব চন্ডিপুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। অভিযানে আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে জিরুইন ও পূর্ব চন্ডিপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার ফসিল মাঠ থেকে ৮টি ড্রেজার মেশিন ও সংশ্লিষ্ট পাইপসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ খনন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া