কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহামেদ।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীসেবা এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মনিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, সহকারী পাবলিক হেলথ নার্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন মেডিকেল অফিসার, নার্স ও অন্যান্য কর্মকর্তা।
পরিদর্শন শেষে জেলা সিভিল সার্জন হাসপাতালের সার্বিক পরিবেশ ও স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীবান্ধব, পরিচ্ছন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।