কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ অক্টোবর) পৃথক দুই অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, শশীদল বিওপি-এর টহল দল গতকাল দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার তালতলা এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় বাগানের মধ্যে ফেলে রাখা অবস্থায় উন্নতমানের ২০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। একই দিনে ভোর ২টায় একই বিওপির আরেকটি টহল দল আশাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১১৯ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে, যার মূল্য প্রায় ৮ লাখ ৩৩ হাজার টাকা। দুই অভিযানে ৩১৯ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৩৩ হাজার টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। অভিযানগুলো পরিচালনা করেন শশীদল বিওপির নায়েব সুবেদার মো. আবু বকর। টহল দলে আরও ছিলেন নাঃ মো. ফখরুল, নাঃ বাবুল, ল্যান্স নাঃ মোক্তাদির, সিপাহী হাবিব, সিপাহী সুমন, সিপাহী নাজমুল এবং সিপাহী স্বপন। বিজিবি জানায়, চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।