মাদক সেবন করে পারিবারিক শান্তি নষ্ট করায় মাদকাসক্ত ছেলেকে (২২) ভ্রাম্যমাণ আদালতে দিয়েছেন বাবা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়ি থেকে তাকে আটক করে একমাসের কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। দন্ডপ্রাপ্ত সোহেল উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোহেল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। প্রতিদিনই মাদক সেবন করে পারিবারিক শান্তি নষ্ট করেন। মা-বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেলে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির জিনিসপত্র নিয়ে বিক্রি করে নেশার টাকা সংগ্রহ করেন। মাদক সেবন করে পরিবারের সদস্যদের গালমন্দ করেন। পরে একপর্যায়ে তার এই অনৈতিক আচরণ ও কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে সন্তানকে তুলে দিয়েছেন বাবা আলমগীর হোসেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় তাকে ১ মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।