কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে সরকারি জায়গা অবৈধ দখল করে গড়ে ওঠা কাঁচাবাজার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশে সোমবার (৬ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দেওয়ানি মামলা নং-২৩৪/২৩ অনুযায়ী সাবেক ও বর্তমান দাগ নম্বর ৩৭৫সহ মোট ১০ থেকে ১২টি দাগে প্রায় ৩৬ শতাংশ জমি নিয়ে ‘যুথি রানী কর্মকার বনাম সরকার’ শিরোনামে মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট সিএস, আরএস ও বিএসএ রেকর্ড অনুযায়ী জমিটির মালিক জেলা প্রশাসক, কুমিল্লা।
এদিকে, গত ৪ মার্চ আক্তার হোসেন নামের এক ব্যাক্তি সরকারকে বিবাদী করে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন। ওই রিট মামলার প্রেক্ষিতেই অবৈধ দখল উচ্ছেদের নির্দেশনা আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপজেলা ভূমি অফিস জানায়, আদালতের নির্দেশনা ও সরকারি স্বার্থ রক্ষায় দখলদারদের সরিয়ে জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ছাড়া বাজারসংক্রান্ত জমির মালিকানা ও ইজারা নিয়ে হাইকোর্টে আরেকটি রিট আবেদন বিচারাধীন রয়েছে। আবেদনকারীর দাবি, সংশ্লিষ্ট জমির একটি অংশ তার ব্যক্তিগত মালিকানাধীন। বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনায় রয়েছে।
কাঁচাবাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা এখানে ব্যবসা করে আসছেন। হঠাৎ উচ্ছেদ অভিযানে তাঁদের আর্থিক ক্ষতি হয়েছে। বিকল্প স্থান নির্ধারণ করে দেওয়ার দাবি জানান তাঁরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বর্তমানে বিষয়টি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশনার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।