ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পোল্ট্রি ফার্ম, মিষ্টির দোকান ও মোটরসাইকেল চালকদের জরিমানা

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশ ও আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামে রাস্তা সংলগ্ন বসতবাড়ির পাশে অপরিচ্ছন্ন পরিবেশে তিনটি পোল্ট্রি ফার্ম স্থাপন করা হয়। ফার্মগুলোর নিবন্ধন না থাকায় ও স্থানীয়দের বসবাসে বিঘ্ন সৃষ্টি করায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে মালিককে পশুরোগ আইন-২০০৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ফার্মে সঠিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সব প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
একই অভিযানে বেজুরা চৌমুহনী এলাকার ‘পিপল সুইটস অ্যান্ড বেকারি’-তে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৩ জন মোটরসাইকেল আরোহীকে মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ইউএনও মাহমুদা জাহানের সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি টিম। অভিযানের পাশাপাশি বেজুরা এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজও পরিদর্শন করা হয়।
অপরদিকে, বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইনে এক মুদি দোকানীকে ৫০০ টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরেক দোকানীকে ১ হাজার টাকা, এবং যানজট সৃষ্টি ও হেলমেটবিহীনভাবে যান চালানোর দায়ে দুই মোটরসাইকেল ও দুই সিএনজি চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের এসব অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • ব্রাহ্মণপাড়া