বিজিবির অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৫৩ minutes ago

Spread the love

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭১ লাখ ২৯ হাজার ৩১০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সুলতানপুর ব্যাটালিয়নের অধীন কাজিয়াতলী, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় বাসমতি চাল, গরু, ফুচকা, বাজি, শিং মাছ, তাস, সেভেন অয়েল, অডোমোস, অলিভ অয়েল, পন্ডস ক্রিম, শ্যাম্পু, সাবান, মদ ও একটি ইজিবাইক জব্দ করা হয়।

জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৭১ লাখ ২৯ হাজার ৩১০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া