কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও ফিতা কাটার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বিল্লাল চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহ-সভাপতি আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলীসহ বিভিন্ন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নেতৃবৃন্দ।
মেলায় আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ ও বিভিন্ন অনলাইন সেবা প্রদান করা হয়। পাশাপাশি ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করা হয়।
মেলায় ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, জমা খারিজ, জমির ম্যাপ, খতিয়ান বা পর্চার সার্টিফায়েড কপিসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা দেওয়া হচ্ছে।