কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা ও কৃষকদের মাঝে অতি দ্রæতই কৃষি কার্ড বিতরণের কথা জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। তিনি বলেছেন, এ অঞ্চলের কোনো গ্রামেই আর কাঁচা সড়ক থাকবে না এবং কৃষি উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাবেন। কুমিল্লা জেলায় দ্বিতীয় ধাপে প্রথম বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার কৃষকরা কৃষি কার্ড পাবে। রবিবার (২৬ এপ্রিল) সকালে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি জসিম উদ্দিন জানান, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় ২৫০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। আমার দলের হোক বা অন্য দলের-মাদক ব্যবসায়ীদের পক্ষে কেউ সুপারিশ করলে তাকে বসিয়ে রেখে আমাকে জানাবেন।” তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমান ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন।” অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। প্রতিটি বিঘা জমির জন্য কৃষকদের দেওয়া হয় আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি। অনুষ্ঠানে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ আফরিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আবু নাসের মুন্সি, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ ছাদেকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তিনি আরও জানান, অতি দ্রæত গোমতী নদীর ওপর মীরপুর সেতুর নির্মাণ কাজ শুরু হবে এবং গোবিন্দপুর সেতুটি সংস্কার করে বড় করা হবে। অপর দিকে ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রান্তীক কৃষকদের প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, প্রান্তিক কৃষকের স্বার্থ রক্ষায় ব্যাপক কাজ করছে তারেক রহমান। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষিনির্ভর এলাকায় কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত এবং বাকিরাও কোনো না কোনোভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে-এই লক্ষ্য নিয়ে কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার কাজ চলছে। জসিম উদ্দিন জসিম বলেন, কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। কৃষকের স্বার্থ সুরক্ষায় ১০টি সুবিধাসংবলিত কৃষি কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে। তিনি আরও বলেন, কৃষি ও কৃষকের সুবিধার্থে সারা দেশে খাল খনন কর্মসূচির আওতায় ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রæতি বাস্তবায়ন করা হচ্ছে। অতীতে খালেদা জিয়া কৃষিঋণ ও খাজনা মওকুফ করেছিলেন এবং জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে কৃষিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। একই ধারাবাহিকতায় ভবিষ্যতে কৃষিঋণ মওকুফের ঘোষণার কথাও তুলে ধরেন তিনি। প্রধান অতিথি বলেন, কোনো দলীয় বিবেচনা নয়-প্রকৃত ও প্রান্তিক কৃষকরা যেন বীজ, সারসহ কৃষিখাতে সব ধরনের সুবিধা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন। সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেছুর রহমান। এ সময়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সাজু, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরামুল ইসলাম, সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম বাকি, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়াসহ উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলার ৭ হাজার ৫০০ কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে পাঁচ কেজি করে উফসী জাতের আউশ ধানের বীজ এবং এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়েছে।