নজরুল বর্ষ উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদ আল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত আব্দুল গনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. শহিদুল ইসলাম শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুখলেছুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।
অনুষ্ঠানে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নজরুলের জীবন, কর্ম ও আদর্শের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করবে।

  • ব্রাহ্মণপাড়া