ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নে জনকল্যাণ ও এলাকার উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম মোস্তাফিজুর রহমান। দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল দশায় পড়ে থাকা জামতলী গ্রামের প্রধান সড়কটি অবশেষে তাঁরই ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামতলী গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টিতেই কাদামাটি আর জলাবদ্ধতায় নাকাল হতে হতো স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ গ্রামবাসীকে। দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।
জনগণের এই চরম দুর্ভোগের কথা বিবেচনা করে মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এসএম মোস্তাফিজুর রহমান সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি মেরামতের সিদ্ধান্ত নেন। সম্প্রতি জামতলী গ্রামের এই বেহাল রাস্তা-ঘাট সংস্কারের কাজ পুরোদমে শুরু হয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
এসএম মোস্তাফিজুর রহমানের এমন জনহিতকর কাজের ব্যাপারে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন, “রাস্তাটার জন্য আমাদের কষ্টের শেষ ছিল না। কোনো জনপ্রতিনিধি না হয়েও মোস্তাফিজুর রহমান যেভাবে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা তাঁর এই মহৎ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।”
এই বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এসএম মোস্তাফিজুর রহমান জানান, “জনগণের পাশে থাকা এবং তাদের দুর্ভোগ লাঘব করাই আমার মূল লক্ষ্য। এই এলাকা আমার নিজের ঘর, এখানকার মানুষের কষ্ট আমার নিজের কষ্ট। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এলাকার যেকোনো উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবো। আমাদের প্রিয় গ্রামকে আরও সুন্দর ও উন্নত করে তোলাই আমার মূল স্বপ্ন।”
এলাকার সচেতন মহল মনে করছেন, নির্বাচনের আগেই জনগণের মন জয় করতে এবং এলাকার উন্নয়নে এমন সরাসরি ভূমিকা রাখা ব্যক্তিরাই আগামীতে ইউনিয়নের নেতৃত্বে আসার যোগ্য দাবিদার। সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসায় জামতলী গ্রাম তথা পুরো মাধবপুর ইউনিয়ন একটি আধুনিক ও উন্নত মডেল ইউনিয়নে রূপান্তর হবে এমনটাই প্রত্যাশা সকলের।