চোখের ক্যানসারে আক্রান্ত ৬ মাসের সাজিদ, বাঁচাতে বাবা-মায়ের আকুতি

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৫৭ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস মধ্যপাড়া এলাকার অটোরিকশাচালক হালিম মিয়া ও গৃহিণী স্বপ্না বেগম দম্পতির ৬ মাস বয়সী ছেলে সাজিদ রেটিনোব্লাস্টোমা (চোখের ক্যানসার) রোগে আক্রান্ত। বর্তমানে তার কেমোথেরাপিসহ চিকিৎসা চলছে। তবে অর্থসংকটের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, সাজিদের বয়স যখন তিন মাস, তখন তার চোখে অস্বাভাবিকতা দেখা দেয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার চোখের ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে ছেলেকে বাঁচাতে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বাবা-মা। ইতোমধ্যে চিকিৎসার পেছনে পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে গেছে, পাশাপাশি করতে হয়েছে ঋণও।

পরিবারটির জন্য এটি নতুন কোনো ট্র্যাজেডি নয়। তাদের প্রথম সন্তান শান্তও একই রোগে আক্রান্ত হয়ে তিন বছর বয়সে মারা যায়। দীর্ঘ প্রতীক্ষার পর জন্ম নেওয়া সাজিদও একই রোগে আক্রান্ত হওয়ায় পরিবারটি গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে।

স্বজনরা জানান, বর্তমানে চট্টগ্রাম চক্ষু চিকিৎসালয় ও প্রশিক্ষণ কমপ্লেক্সে চিকিৎসকের তত্ত্বাবধানে সাজিদের চিকিৎসা চলছে। সময়মতো চিকিৎসা সম্পন্ন করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য প্রয়োজন বিপুল অর্থ।

সাজিদের বাবা হালিম মিয়া বলেন, ‘প্রথম সন্তানকেও একই রোগে হারিয়েছি। ধারদেনা করে ইতোমধ্যে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করেছি। এখন আর চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে আমার ছেলেটা বাঁচতে পারে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, রেটিনোব্লাস্টোমা শিশুদের একটি বিরল ও মারাত্মক ক্যানসার। তবে সময়মতো শনাক্ত ও সঠিক চিকিৎসা পেলে রোগীদের প্রায় ৯০ শতাংশ সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তিনি শিশুটির চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান।

সাজিদের চিকিৎসার জন্য বিকাশ ও নগদ নম্বর: ০১৮৬০১১৬৩৮২।

  • ব্রাহ্মণপাড়া