গোপলনগর আদর্শ কলেজে পিঠা উৎসব: তারুণ্যের উচ্ছ্বাস মাতোয়ারা শিক্ষার্থীরা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি পিঠা-পুলির আয়োজন। বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন এই উৎসবের ধারাকে অব্যাহত রাখতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গোপালনগর আদর্শ কলেজে আয়োজন করা হয় তরুণ্যের পিঠা উৎসব। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠামেলা ঘিরে ওই কলেজে এক জমজমাট পিঠা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। পাশাপাশি শিক্ষার্থীদের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে একদল বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় বিভিন্ন বয়সী রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত পিঠা মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান সোহেল মজুমদার। এ সময় ডা. ইয়াছিন আরাফাত, প্রতিষ্ঠানটির প্রভাষক মাজহারুল হাসান, খোরশেদ আলম, মো. সাব্বির জাহান সরকার, সুবর্না ইয়াসমিন, মোহাম্মদ আলী, মনিরা শারমিন, জাহিদ এহসান জিসান, নয়ন হোসেন, মোহাম্মদ রুহুল আমিন ফকির, শরীফ মোহাম্মদ আবদুল্লাহ, মো. মহিউদ্দিন, শিউলি রানী দাস, মো. আজিমুদ্দিন, শওকত হোসেন, নাজনীন আক্তার, ফারজানা আক্তার পাখি ও সাংবাদিক ওসমান ভূইয়া উপস্থিত ছিলেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, এই বছর শিক্ষার্থীরা মিলে পিঠা উৎসবের আয়োজন করেছে। পিঠা উৎসব ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমাগম দেখা যায়। পিঠা মেলায় নান্দনিক চারটির মতো পিঠার স্টল দেওয়া হয়। প্রত্যেক পিঠা স্টলে দুপুর ২টার মধ্যেই বেশ অর্ধেক পিঠা বিক্রি হয়ে যায়। বিকেল ৪টার মধ্যে সব স্টলের পিঠা সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, শীতের আমেজে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদে ভরপুর ছিল এই উৎসব। কলেজ ক্যাম্পাস সকাল থেকেই তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। অধ্যক্ষ মো. আনিসুর রহমান সোহেল মজুমদার বলেন, ব্রাহ্মণপাড়ায় শীতের যে আমেজ পড়েছে, সেই আমেজকে পূর্ণতা দিতে কলেজের শিক্ষার্থী, শিক্ষকরা সবার প্রচেষ্টায় পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তারুণ্যের উৎসবে মেতেছে গোপালনগর আদর্শ কলেজের শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার্থীরা সেই গ্রাম-বাংলার ঐতিহ্য পিঠা-পুলি, পায়েস তৈরি করেছে রাত জেগে, এবং সেটা আজকে এই পিঠা উৎসবে উপস্থাপন করেছে। তাদের এই প্রচেষ্টা আমাদের আনন্দিত করেছে।

 

  • ব্রাহ্মণপাড়া