কুমিল্লায় জিহাদ (৭) ও সাব্বির হোসেন মহিন (৯) নামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে লাকসামে পৌরসভার ৮নং ওয়ার্ডের গুন্তি গ্রামে পার্শ্ববর্তী মাছের ঘেড়ে তাদের লাশ পাওয়া যায়।
নিহত জিহাদ লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের মজিদ মিয়ার বাড়ির মো. রুবেলের ছেলে ও মহিন একই গ্রামের হাজী বাড়ির মো. আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৮ এপ্রিল) বিকেল থেকে পরিবার ও আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। আজ ভোরে পার্শ্ববর্তী মাছের ঘেড়ে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা বলেন, আজ ভোরে খবর পেয়ে আমরা গুন্তি গ্রামের মাছের ঘেড়ে পুলিশ পাঠিয়ে লাশগুলো উদ্ধার করে থানায় এনেছি। দুই পরিবারের পক্ষ থেকে দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।