কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার সদর দক্ষিণের ধনাইতরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে জোড়া খুনের ঘটনায় ছয় জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। রায় ঘোষণার সময়ে আদালতে ১৫ জন আসামির মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন। বেকসুর খালাস পেয়েছেন দুজন এবং পলাতক ছিলেন তিন আসামি। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করেও জরিমানা করেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তোফায়েল আহমেদ তোতা, কামাল হোসেন, মো. মামুন, আলমগীর হোসেন, বাবুল ও হারুনুর রশিদ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- হায়দার আলী, আবদুল মান্নান, জামাল হোসেন, আবুল বাশার, জাকির হোসেন, আবদুল কাদের, আবদুল কুদ্দুস। কুমিল্লা আদালতের সরকারি কৌঁসুলি মো. জহিরুল ইসলাম সেলিম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে ১২ আগস্ট রাতে সদর দক্ষিণ উপজেলার ধনাইতরি এলাকায় আসামির পক্ষের লোকজন গিয়াসউদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। এই ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে অজ্ঞাত আসামিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ২০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা আদালতে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে দাখিল করেন। দীর্ঘ তদন্ত ও বিচারকার্যে আসামিদের জবানবন্দী এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। মামলার বাদী হত্যাকাণ্ডের শিকার গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান বলেন, আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকর করারও দাবি জানান তিনি।

  • কুমিল্লা