কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো- বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছেলে আবদুর রহমান (৪) ও তার ভাই বাহরাইন প্রবাসী জুয়েলের মো. জোবায়ের (৫)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে দুই ভাই বাড়ির পাশেই একসঙ্গে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পুকুরের পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে বাড়ির নারীরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে দ্রুত পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করেন।
পরে তাদের দ্রুত বাগমারা বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারিয়ে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই প্রবাসী পরিবারের সন্তানদের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।