কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ব্রাহ্মণপাড়া থানার ফারুক হোসেন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

Spread the love

মাদক উদ্ধার, ডাকাত গ্রেফতার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণপাড়া থানার (ওসি) মো. ফারুক হোসেন। গত (এপ্রিল ২০২৬) মাসের সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, এপ্রিল মাসে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ হিসেবেও পুরস্কৃত হন (ওসি) মো. ফারুক হোসেন। তাঁর নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ১৫০ কেজি গাঁজা, দুটি গাঁজা গাছ, ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮ হাজার ২০০ পিস ভারতীয় বাজি উদ্ধার করে। এছাড়া একটি পিকআপ ও চারটি সিএনজি জব্দ করা হয়।
এ অভিযানে অংশগ্রহণ করেন এসআই মো. আল আমিন, এসআই সুজন কুমার আচার্য্য, এসআই সৈকত মজুমদার, এএসআই মো. সাইফুল ইসলাম সিদ্দিকী, এএসআই রতন কুমার মল্লিক, এএসআই কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
এদিকে ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যও বিশেষ পুরস্কার অর্জন করেন (ওসি) ফারুক হোসেন। ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১৮ (তারিখ: ২৪ এপ্রিল ২০২৬, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড)-এর একটি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।
ডাকাত গ্রেফতার অভিযানে অংশ নেন এসআই মো. ফারুকুল ইসলাম, এএসআই রতন কুমার মল্লিক, কনস্টেবল নূর মোহাম্মদ, জয়নাল আবেদীন, মো. শামীম, সাবের আহাম্মেদ ও বিপ্লব হোসেন।
অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ অবদানের জন্য এসআই সৈকত মজুমদার, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী এবং এএসআই মো. কামরুজ্জামানকে পুরস্কৃত করা হয়। তারা এপ্রিল মাসে মোট ২৫টি গ্রেফতারি পরোয়ানা তামিল করেন।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনের বিরুদ্ধে সাজা কার্যকর করায় বিশেষ পুরস্কার পান এসআই ডি.এম.এ মজিদ ও এসআই সৈকত মজুমদার।
পুলিশ সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া থানাকে মাদক, অপরাধ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে আরও কার্যকর ও জনবান্ধব করতে (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। তাঁর এ অর্জনে থানার পুলিশ সদস্যদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া