ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে চুরি মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৩ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে চুরি মামলার এক আসামি, মাদক মামলায় এক আসামি এবং মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত চুরি মামলার পলাতক আসামি টুটুল ওরফে মো. তারিকুল মিয়া ওরফে টুটুল ভূঁইয়া (৩১)-কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মাধবপুর (উত্তরপাড়া) এলাকার বাসিন্দা।

এদিকে একই দিনে ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. কামরুজ্জামানের পরিচালিত অভিযানে উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন (২৪)-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া