কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তিন বছরের এক শিশুকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত যুবকের নাম মো. ফয়সাল প্রকাশ বাবু (২২)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামের মৃত মোরশেদ আলমের ছেলে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর পরিবার ও অভিযুক্ত যুবক ব্রাহ্মণপাড়া সদরের পূর্বপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গত ৩০ জুন (মঙ্গলবার) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ফয়সাল ওই শিশুকে বিভিন্নভাবে ফুসলিয়ে নিজ ঘরের ভেতর নিয়ে যান। সেখানে জোরপূর্বক শিশুটির পরিহিত পোশাক খুলে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত ফয়সাল তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
পরবর্তীতে শিশুটি রক্তাক্ত বা ভীতসন্ত্রস্ত অবস্থায় (কান্নাকাটি করতে করতে) নিজ ঘরে ফিরে আসে এবং তার মা ও অভিযুক্ত ফয়সালের বোনকে বিষয়টি বিস্তারিত জানায়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক এসআই মাহতাব বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।