বিভাগীয় বিজ্ঞান মেলায় অংশ নিতে যাচ্ছে ব্রাহ্মণপাড়ার ওশান হাইস্কুল, ইউএনওর শুভেচ্ছা

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ওশান হাইস্কুলের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং বিজ্ঞান অলিম্পিয়াডে কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপনায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়টির শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উৎসাহ দিতে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এবং ওশান হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, আজ ১০ ও ১১ জুন চট্টগ্রাম মহানগরীর সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজে চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে। এতে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপনায় জুনিয়র ও সিনিয়র গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দল, বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থী এবং বিজ্ঞান বিষয়ক কুইজে শীর্ষস্থান অর্জনকারী দলগুলো অংশ নেবে।
ওশান হাইস্কুলের পক্ষ থেকে দুইজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিদ্যালয়টির উপস্থাপিত প্রকল্পের নাম ‘টেক্সট টু ব্রেইল ট্রান্সলেটর’। দৃষ্টি প্রতিবন্ধী ও অন্ধ শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষায় সহায়তা প্রদানের লক্ষ্যেই উদ্ভাবন করা হয়েছে এই প্রযুক্তিনির্ভর ডিভাইস। এটি সাধারণ লিখিত তথ্যকে ব্রেইল ভাষায় রূপান্তর করে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে সক্ষম।
ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, আমাদের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিভাগীয় পর্যায়েও তারা ভালো করবে বলে আমরা আশাবাদী। এই প্রকল্পটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের শিক্ষাজীবন সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যে মেধা ও উদ্ভাবনী সক্ষমতার পরিচয় দিয়েছে, তা অত্যন্ত গর্বের বিষয়। আমি আশা করি তারা বিভাগীয় পর্যায়েও সাফল্য অর্জন করে কুমিল্লা জেলা ও ব্রাহ্মণপাড়ার সুনাম আরও বৃদ্ধি করবে।
শিক্ষার্থী ও শিক্ষকদের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। বিভাগীয় পর্যায়ে ওশান হাইস্কুলের দলটি নতুন অর্জনের মাধ্যমে জেলার জন্য আরও একটি গৌরব বয়ে আনবে বলে প্রত্যাশা সবার।

  • ব্রাহ্মণপাড়া