ব্রাহ্মণপাড়ায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ সরকারি কলেজে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা প্রতীকীভাবে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন করে এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন আখন্দ এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। মূখ্য আলোচক ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু। ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মোনালিসা সুলতানা, সহকারী অধ্যাপক অলক কুমার দাস, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক মো. আমিনুল ইসলাম মুন্না, প্রভাষক সৈয়দ ইব্রাহিম হোসেন, প্রভাষক সোহেল ইসলাম, প্রভাষক রুহুল আমীন, প্রভাষক শিরিন আক্তার, প্রভাষক সৌমেন চক্রবর্তী, প্রদর্শক কামাল হোসেন, প্রদর্শক এ কে এম নাজমুল হক শামীম, শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ অপু সারোয়ার, সহকারী গ্রন্থাগারিক আব্দুর রশিদ, প্রেসক্লাবের সদস্য সোহেল ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সৌরভসহ শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন। বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। সভা শেষে শিক্ষার্থীরা মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করেন। এ সময় তারা মাদককে ‘না’ বলার এবং নিজেরা কখনো মাদকের সঙ্গে জড়িত না হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার শপথ নেন। একই সঙ্গে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত সবাই শিক্ষার্থীদের এই শপথকে স্বাগত জানান এবং একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

  • ব্রাহ্মণপাড়া