কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন সিআর মামলার পরোয়ানাভুক্ত এবং ২ জন ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক চারটি অভিযানে সিআর মামলার ৪ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের হোসেন শাহের ছেলে মো. জালাল (২৭), একই গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন, মৃত আব্দুল গফুরের ছেলে রুহুল আমিন এবং শশীদল ইউনিয়নের শশীদল গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. রওশন হোসেন (৩৫)।
এদিকে, এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে মাদক সেবনের অপরাধে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চারিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বশর (২৩) এবং বড়ধুশিয়া গ্রামের মো. গুলজাহার হোসেনের ছেলে মো. রাসেল (২৪)।
জানা যায়, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।