“বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় প্রায় ৮ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন” সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে গাছ লাগাতে হবে— এমপি জসিম উদ্দিন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে

Spread the love

সরকার ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় ১৮০ দিনে প্রায় ৮ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠাণ, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একযোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ণ সভার কার্যবিবরণী অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের অধীনে ২শত টি করে দুই উপজেলায় ৩ হাজার ২শতটি, প্রতিটি উপজেলায় ৫শতটি করে ১হাজারটি, প্রতিটি উপজেলা এলজিইডি অফিসের আওতায় ৫শত টি করে ১হাজারটি, সহকারী/ উপ-সহকারী প্রকৌশল উপজেলা দপ্তরের আওতায় ৫শতটি করে ১হাজারটি এবং বুড়িচং পৌরসভার আওতায় ১হাজারটি বৃক্ষরোপন করা হবে।

আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম বলেন, একটি গাছ শুধু ছায়া বা ফলের উৎস নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার নীরব অঙ্গীকার। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর ও টেকসই উপায় উল্লেখ করে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সরকারের গৃহীত এ কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান, সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাপ হোসেন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, জেলা বিএনপি নেতা আবু ইউসুফ পাখি, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরামুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জমির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাংসদ জসিম উদ্দিন জসিম উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অপর দিকে একই দিন দুপুরে বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন কুমিল্লা-৫ আসনের এমপি মোঃ জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন,বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম ভূইয়া।

এ বিষয়ে আয়োজকরা জানান, পরিবেশের সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

  • বুড়িচং- ব্রাহ্মণপাড়া