‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন। এছাড়াও এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি ও ২৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ বিশেষ সেবা সপ্তাহের কার্যক্রম। এ বিশেষ সেবা সপ্তাহের কার্যক্রমে সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার প্রসূতি, প্রসুতিত্তোর মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ সকল প্রকার সেবা প্রদান এবং সেবা সম্পর্কে অবহিত করা হবে।