দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, একটি গাছ শুধু ছায়া বা ফলের উৎস নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার নীরব অঙ্গীকার। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর ও টেকসই উপায় উল্লেখ করে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সরকারের গৃহীত এ কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাপ হোসেন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, জেলা বিএনপির নেতা আবু ইউসুফ পাখি, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরামুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জমির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাংসদ জসিম উদ্দিন জসিম উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ বিষয়ে আয়োজকেরা জানান, পরিবেশের সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।