এমপি জসিম উদ্দিনকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন-এর ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপ্রীতিকর ভিডিও প্রচারণার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, ‘কুমিল্লা ক্রাইম ২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত (২৯ মে) থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ভিডিও প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বিষয়টি নজরে আসার পর ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রবিউল্লাহ (রবি) গত সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জিডিতে মোঃ রবিউল্লাহ (রবি) উল্লেখ করেন, অজ্ঞাতনামা লোকদের এরূপ কর্মকান্ডের ফলে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দীনসহ পরিবারের লোকজনের মান-সম্মান ক্ষুন্ন হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
ভবিষ্যতে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং অপরাধীদের শনাক্ত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগকারী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ রবিউল্লাহ বলেন, একটি অসাধু চক্র উদ্দেশ্যমূলকভাবে আমাদের এলাকার সংসদ সদস্যকে নিয়ে কুৎসা রটাচ্ছে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি মনে করে আমি থানায় জিডি করেছি।”
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন সততা নিশ্চিত করেন এবং বলেন অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। উল্লিখিত ফেসবুক পেজ ও লিংকের বিষয়ে তদন্ত করে সাইবার আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

  • ব্রাহ্মণপাড়া