শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও এক স্বাস্থ্যকর্মীর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বৃহস্পতিবার ( ২১ মে ) দুপুর ১২টায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, আইনগত সুরক্ষা এবং চিকিৎসকদের ম্যাজিস্ট্রিসি ক্ষমতা প্রদানের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় তারা চিকিৎসকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রাশেদ আহমেদ চৌধুরী, মেডিকেল অফিসার ( ইউনানি ) ডা. সোহেল রানা, মেডিকেল অফিসার ডা. তানভীর হোসেন, ডা. জান্নাতুন নাঈম, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবির, অফিস সহকারী ইউসুফসহ স্বাস্থ্যসংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। অথচ সামান্য ভুল-বোঝাবুঝি কিংবা উসকানিমূলক পরিস্থিতিকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর হামলা, ভাঙচুর ও হেনস্তার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এ ধরনের ঘটনা চিকিৎসকদের মাঝে আতঙ্ক তৈরি করছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে।
বক্তারা আরও বলেন, হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসা সেবার মান ব্যাহত হবে। তাই চিকিৎসকদের জন্য বিশেষ নিরাপত্তা আইন প্রণয়ন, হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।