ব্রাহ্মণপাড়ায় দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৬ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া এলাকায় দরজার সামনে ‘কাফনের কাপড়’ রেখে চিরকুটে হত্যার হুমকির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বড়ধুশিয়া গ্রামের আবুল হাসেমের বাড়িতে তার ছেলে আরিফুল ইসলাম রিফাত ও তার স্ত্রীকে লক্ষ্য করে অজ্ঞাত ব্যক্তি একটি হুমকিমূলক চিরকুট রেখে যায়। একই সঙ্গে ঘরের দরজার সামনে রাখা হয় একটি কাফনের কাপড়—যা ঘটনাটিকে আরও রহস্যজনক ও ভয়াবহ করে তোলে। চিরকুটে লেখা ছিল— “তুই কি ভাবছস তুই পুলিশ এর কাছে গেলে আমি ভয় পাবো। তকে আর তুর বউকে আগে শেষ করবো। তারপর তর সাথে লড়াই হবে। তকে আর তর বউকে শেষ কবরে দেব। তর বউ এর কাফনের কাপড় দিয়ে গেলাম। এরপর তর টা সামনাসামনি দেব, রেডি থাক।” পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাটি গত ২৭ এপ্রিল বিকেলে ঘটে। আরিফুল ইসলাম রিফাতের বড় বোন বলেন, “হঠাৎ এমন ভয়ংকর হুমকি পেয়ে আমরা খুবই আতঙ্কিত। কে বা কারা এ কাজ করেছে বুঝতে পারছি না। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”ভুক্তভোগী পরিবার আরও জানায়, এ ধরনের হুমকির পর তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

  • ব্রাহ্মণপাড়া