ব্রাহ্মণপাড়ায় সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, দুর্নীতি, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ধুশিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বড়ধুশিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক আহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু৷অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়৷ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আনন্দ, সমাজ সেবক এইচ এম হেদায়েতউল্লাহ৷ সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, দুর্নীতি ও কিশোর গ্যাং সংস্কৃতি নির্মূল করা এখন সময়ের দাবি। এগুলো কেবল একটি পরিবারের ক্ষতি করে না, পুরো সমাজকে বিপথগামী করে তোলে। অভিভাবকদের সচেতন হতে হবে, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কোন পরিবেশে বেড়ে উঠছে-এসব বিষয়ে খেয়াল রাখা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের পাঠ আরও জোরদার করার আহ্বান জানান তারা। বক্তাদের মতে, শুধু আইন-শৃঙ্খলা বাহিনী বা সরকারের উদ্যোগেই সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়, বরং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সবাইকে যুক্ত হতে হবে৷ বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের দিকে ধাবিত করা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো এখন সবচেয়ে জরুরি। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ যদি একসঙ্গে কাজ করে, তবে একটি নিরাপদ, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷