ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)–এর শশীদল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ২০৬১/৪-এস-এর শূন্য লাইন থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেতাভূমি এলাকায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। আটক করা এসব পণ্য কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় গোয়েন্দা নজরদারি জোরদার করার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া