ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, মহাপরিচালকের ঘোষিত সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) এর নির্দেশনায় আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ দেবগ্রাম এলাকায় একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় ২ হাজার ৭১৬ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক করা চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।