ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১৪ মার্চ থেকে সারা দেশে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশন বাজার ও আশপাশের এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জসিম উদ্দিন জসিম বলেন, নদী ও খাল নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব। ব্রাহ্মণপাড়ার বারনই নদীও পরিষ্কার করা হচ্ছে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই। দেশনেতা তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং হাটবাজারে এ কার্যক্রম পরিচালনা করা হবে। জসিম উদ্দিন জসিম বলেন, মশার কামড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ে, যা অনেক সময় প্রাণঘাতী হতে পারে। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া। মশা নিধন ও এসব রোগ প্রতিরোধে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, শশীদল বিএনপির সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরামুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া