কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক মামলায় ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নের্তৃত্বে সোমবার রাতে থানার এসআই মো. মেহেদী হাসান জুয়েল, এসআই সুজন কুমার আচার্য্য, এএসআই শামসুদ্দিন, এএসআই নাছির উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি ও নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- নারায়নপুর গ্রামের মৃত আলী আহমদের ছেলে ময়নাল মিয়া, আশাবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আব্দুল জাহের প্রকাশ দয়াল, আশাবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে মো. মাহাবুল হোসেন, নারায়নপুর গ্রামের শাম মিয়ার ছেলে সুজন মিয়া। তাদের বিরুদ্ধে মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। সোমবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।