ব্রাহ্মণপাড়ায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় গেটের সামনে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরে স্থানীয়দের ফেলা ময়লার স্তূপ অবশেষে অপসারণ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও ব্র্যাকের স্বাস্থ্যকর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের যৌথ উদ্যোগে এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানে স্ক্যাবেটর (ভেকু) ও ট্রাক্টরের মাধ্যমে ময়লা সরিয়ে নেওয়া হয়। পরে বিদ্যালয়ের উদ্যোগে সেখানে ময়লা না ফেলার নির্দেশনা সংবলিত ব্যানার ও ফেস্টুন টানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। অভিযান চলাকালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শাহিন আক্তার, ব্র্যাক কুমিল্লা আদর্শ সদর শাখার কর্মকর্তা শান্ত দেবনাথ, ব্রাহ্মণপাড়া শাখার প্রোগ্রাম কর্মকর্তা অনির্বাণ সরকার, সহকারী জেলা সমন্বয়ক মুনতাসিরুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার রাবিদ হাসান এবং ব্রাহ্মণপাড়া সদর বাজার পরিচালনা কমিটির সভাপতি মোজ্জামেল হক দুলাল প্রমুখ। ময়লা ফেলার প্রবণতা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনোভাবেই ময়লা ফেলা যাবে না। জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন,ভবিষ্যতে যদি কেউ এখানে ময়লা ফেলে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ব্রাহ্মণপাড়া