‘‘কুমিল্লা-মীরপুর সড়কে ভাড়া নৈরাজ্য‘‘ বিভিন্ন অজুহাতে সকাল বিকাল ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি: যাত্রীদের দুর্ভোগ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা মীরপুর সড়ক। যেন এক অভিভাবকহীন সড়ক। ডাক দোহাই কিছুই নেই। নেই নিয়ম নীতির তোয়াক্কা। ইচ্ছে মতো চলছে সবাই। লাইসেন্সবিহীন গাড়ী আর লাইসেন্সবিহীন চালক। প্রতিনিয়তই যাত্রীদের হয়রানী যেন নিয়মে পরিণত হয়েছে। সকাল বিকাল বিভিন্ন অজুহাতে বাড়তি ভাড়া আদায় করছে। কখনো গ্যাসের সংকট আবার কখনও অতিরিক্ত যাত্রীদের চাপ। কখনো আবার একদিকের যাত্রী বেশি থাকায় অন্যদিক থেকে খালি আসার অভিযোগ। তাদের অজুহাতের যেন শেষ নেই। সন্ধ্যা হলেই বাড়তে থাকে ভাড়া। কারো কাছে অভিযোগ দেওয়ার মতো জায়গা নেই। উপজেলা প্রশাসন বলছে ভাড়া নিয়ন্ত্রণের কাজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের। কিন্ত কুমিল্লা সড়ক পরিবহন কর্তৃপক্ষের কোন প্রদক্ষেপ চোখে পড়ার মতো নেই। যার ফলে দিনে দিনে কুমিল্লা মীরপুর সড়কে ভাড়ার নৈরাজ্য বৃদ্ধি পেয়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে লাইসেন্সবিহীন গাড়ী। গাড়ী এবং চালকের লাইসেন্স না থাকায় তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে। বিশেষ করে এই এলাকাটি ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় লাইসেন্সবিহীন এসব গাড়ী দিয়ে মাদকসহ ভারতীয় মালামাল পাচার করা হয়। তাছাড়া অনেক সিএনজি চালিত অটোরিক্সার চালক অদক্ষ ও প্রশিক্ষণবিহীন রয়েছে। যার ফলে প্রতিনিয়তই দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। যাত্রীদের অভিযোগ এক সময় এই সড়কে জিবির নামে চাঁদা আদায় করা হতো। তখন চালকরা জিবির চাঁদার অজুহাত দেখিয়ে বেশি ভাড়া আদায় করতো। এখন তো জিবির নামে কোন চাঁদা দিতে হয় না। তাহলে কেন অতিরিক্ত ভাড়া আদায় করে। এটা তাদের স্বভাব? আবদুর রহমান নামের এক যাত্রী বলেন, সকাল বেলায় কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া যেতে চাইলে ভাড়া বেশি দিতে হয়। আবার সন্ধ্যার পর কুমিল্লা থেকে বুড়িচং বা ব্রাহ্মণপাড়া আসতে হলে অতিরিক্ত ভাড়া দিতে হয়। তারা সকালে কুমিল্লা থেকে বুড়িচং যাত্রী কম থাকে এবং সন্ধ্যায় বুড়িচং থেকে কুমিল্লায় যাত্রী কম থাকে, তাই দুই দিক থেকেই অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। আবার রাত বাড়ার সাথে সাথে ভাড়া বৃৃদ্ধির পাল্লাও বাড়তে থাকে। তফাজ্জল হোসেন নামের এক চালক বলেন, জিনিসপত্রের যে দাম বৃদ্ধি পেয়েছে এবং রাস্তার যেই অবস্থা এতে কম ভাড়া নিয়ে আমাদের পুষায় না। গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। ময়নাল নামের এক কলেজ ছাত্র জানায়, কুমিল্লায় আসা যাওয়ার পথে আমাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। মাঝে মাঝে টিফিনের টাকাটাও ভাড়ার হিসেবে দিয়ে দিতে হয়। কখন তারা ভাড়া বৃদ্ধি করে তা তো বলা যায় না। তাই হঠাৎ করে যখন ভাড়া বাড়িয়ে দেয় তখন টিফিনের টাকা থেকে সেই বাড়তি ভাড়া প্রদান করতে হয়। কবে যে আমরা বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার লোকজন এই ভাড়া নৈরাজ্য থেকে মুক্তি পাবো-তা একমাত্র আল্লাহই জানেন। এলাকার সচেতন মহল মনে করেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ মানুষের দূর্গতি কমানোর জন্য এই সড়কে মনিটরিং করা প্রয়োজন।

  • বুড়িচং-ব্রাহ্মণপাড়া