শিক্ষার গুনগত মান নিশ্চিতকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক এবং কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে পরিবার ও বিদ্যালয়ের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রতি যত্ন, ভালোবাসা ও নজরদারি থাকলেই বাল্যবিবাহ, মাদক বা কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। সন্তানদের সময় দিন, তাদের কথা শুনুন, তাহলেই তারা সঠিক পথে এগিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শাহীন আক্তার এবং সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল কুদ্দুস, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম মোল্লা, মো. রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।