কুমিল্লা-কসবা সড়কের শশীদল বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষার্থী তামিম মাহমুদ(১১) চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে। বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান। নিহত তামিম মাহমুদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল পূর্বপাড়ার প্রবাসী মোঃ মহসিনের বড় ছেলে। দুই সন্তানের মধ্যে বড় তামিম। তামিম মাহমুদ শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, গত ২৬ জানুয়ারি দুপুরে স্কুলের বিরতিতে যোহরের নামাজ পরার জন্য মসজিদে যাওয়ার পথে কুমিল্লা থেকে দ্রুতগতিতে আসা একটা সিএনজি তাকে ধাক্কায় দেয়। মুহূর্তে সে রাস্তায় ছিটকে পড়ে। এতে মাথা ও বুকে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় ও স্কুলের শিক্ষকরা উদ্ধার করে প্রথমে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মারা যায়। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে নিহতের স্বজনরা। তামিম মাহমুদের মৃত্যুতে স্কুল প্রাঙ্গন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।