কুমিল্লার বুড়িচং সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।
বিজিবির সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় উন্নত মানের শাড়ি ও থ্রিপিস এবং প্রায় ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা রয়েছে। এসব পণ্য সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্তের নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জব্দকৃত পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।