সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ এপ্রিল) বিকেলে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শফিক আহমেদের বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন।
শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (১১ এপ্রিল) শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মাহবুব শফিক বলেন, রাজধানীর ইন্দিরা রোডের বাসাসংলগ্ন খেলার মাঠে আগামীকাল সোমবার বেলা ১১টায় শফিক আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাদ জোহর দ্বিতীয় জানাজা হবে। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সোমবার বেলা তিনটার দিকে শফিক আহমেদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
শফিক আহমেদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তাঁর জন্ম ১৯৩৭ সালে, কুমিল্লায়। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। শফিক আহমেদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (১৯৯৯-২০০০ এবং ২০০৮-২০০৯) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। শফিক আহমেদের স্ত্রী মাহফুজা খানম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি। মাহফুজা খানম গত বছরের ১২ আগস্ট ইন্তেকাল করেন।
শফিক আহমেদ ও মাহফুজা খানমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।