{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের নিহত হওয়ার অভিযোগে করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে কুমিল্লার ইপিজেড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাইদুল হাসান (৪৫)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইটাল্লা গ্রামের বাসিন্দা। গত ৫ ফেব্রুয়ারি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত তৌহিদুল ইসলামের স্ত্রী। এ মামলায় বেসামরিক ৬ ব্যক্তিকে আসামি করা হয়, যাঁদের সঙ্গে তৌহিদুলের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গ্রেপ্তার সাইদুল মামলার ৫ নম্বর আসামি। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। তাঁরা সিভিল (সাদা) ও সেনাবাহিনীর মতো পোশাক পরিহিত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আজ বেলা ১১টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, থানায় হত্যা মামলা হওয়ার পর থেকে সাইদুল আত্মগোপনে ছিলেন। এ মামলার অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। সাইদুলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।