যানজটের ভোগান্তি থেকে ব্রাহ্মণপাড়াবাসীকে রক্ষা করতে, পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণ পরিবেশে ও ঈদুল ফিতর আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে দরিয়ারপাড় চেকপোস্ট ও মিরপুর চেকপোস্ট গুলোতে গ্রাম পুলিশের পাশাপাশি আনসারদের তদারকি কঠোরভাবে জোরদার করেছে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। কোনো ট্রাক সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে প্রশাসন। এ ব্যাপারে সংশ্লিষ্ট চেয়ারম্যানদেরও ব্যানার, মাইকিং এর মাধ্যমে প্রচার ও বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া যানজট নিরসনে নাইঘর মোড়, জিরো পয়েন্ট, রশীদ মার্কেটের সামনেসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। আনসার সদস্য ও গ্রাম পুলিশদের উৎসাহিত করার জন্য মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্রাহ্মণপাড়ার কয়েকটি পয়েন্ট পরিদর্শন করেন। এসময়, রাস্তার দুপাশের ফুটপাতে থাকা ভাসমান দোকানসমূহকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান যানজটমুক্ত ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে সকলের সহযোগিতা ও সচেতনতা একান্তভাবে কামনা করেছেন।