‘‘ভ্রাম্যমাণ আদালতের অভিযান’’ ব্রাহ্মণপাড়ায় হোটেল, মোদি দোকান, ফলের দোকান ও অটোরিকশা চালককে জরিমানা

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন অমান্যের অভিযোগে এক হোটেল, একটি মোদি দোকান, একটি ফলের দোকান ও এক অটোরিকশা চালককে মোট ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ব্রাহ্মণপাড়া বাজারের কয়েকটি খাবারের হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিবেশের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর উপায়ে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে তদারকি ও সতর্ক করা হয়। এ সময় একটি হোটেলে অসঙ্গতি পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও অনিয়মের কারণে একটি মোদি দোকানকে ১ হাজার টাকা এবং একটি ফলের দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে সড়ক পরিবহন আইনে ৭০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, আইন ভঙ্গ করে ব্যবসা বা যানবাহন চালালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইউএনও মাহমুদা জাহান বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা জরুরি। একই সঙ্গে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইনের প্রতি আরও সচেতন হতে হবে।

  • ব্রাহ্মণপাড়া