কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে মো. নাজমুল হাসান (৩২) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯ টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের পাশের এলাকার বাসিন্দা মো. ইউসুফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল ও তার কয়েকজন বন্ধু কলেজপাড়ার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচতলায় উঠেন আড্ডা দিতে। তারা লুডু খেলায় অংশ নেন। রাত সাড়ে ৮টার দিকে নাজমুলের মোবাইলে কল এলে তিনি খেলা থেকে সরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর কয়েকটি শব্দ শোনা গেলে বন্ধুরা খুঁজতে গিয়ে দেখেন তিনি নিচে পড়ে আছেন।
পরে নাজমুলকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ইউসুফ মিয়া বলেন, “আমাদের ফোনে জানানো হয় নাজমুল এক্সিডেন্ট করেছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখানে গিয়ে জানতে পারি সে নির্মাণাধীন ভবনে পাঁচতলায় মোবাইল ফোনে কথা বলার সময় সেখান থেকে পড়ে মারা গেছে।”
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।